এবার কেনিয়ার গার্লস স্কুলে আগুন, আহত তিন

কেনিয়ার মধ্যাঞ্চলে এবার গার্লস স্কুলে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। দেশটিতে এক স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ২১জন মারাও যাওয়ার একদিনের মাথাতেই গার্লস স্কুলে আগুনের ঘটনা ঘটল।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সেন্ট্রাল কেনিয়ার ইসিওলো কাউন্টির গার্লস হাই স্কুলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা এবং সিএনএন।

ইসিওলো কাউন্টির যোগাযোগ পরিচালক হুসেন সালেসা বার্তা সংস্থা এএফপিকে জানান, প্রায় দুই থেকে তিনটি ভবনে আগুন লেগেছে।

ন্যাশনাল পুলিশের মুখপাত্র রেসিলা ওনিয়াঙ্গো এক বিবৃতিতে জানান, আইসিওলো সাব কাউন্টির কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন এবং কেনিয়ার প্রতিরক্ষা বাহিনী এবং আইসিওলো বিমানবন্দরের ফায়ার ইঞ্জিনগুলোর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কেনিয়া রেড ক্রস জানিয়েছে যে, ইসিওলো গার্লস হাই স্কুলের পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং সেখানে তিনটি ছোটখাটো আঘাতের ঘটনা ঘটেছে।

দেশটির নয়েরি কাউন্টির হিলসাইড এন্দরাশা একাডেমিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পর গার্লস স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, ছেলেদের ছাত্রাবাসে আগুন লেগে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।

কেনিয়ার সরকারী মুখপাত্র আইজ্যাক মাওয়াউরা বলেছেন, ঘটনাস্থল থেকে ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে নেয়ার পর আরও দুই জন মারা গেছে। সেই ছাত্রাবাসে ১৫৬ জন শিক্ষার্থী ছিলেন।

মওউরা সরকারের পক্ষ থেকে নিহতদের প্রিয়জনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।