আন্দোলনে নিহতদের স্মরণ: সৌদিতে গ্রেপ্তার ৭ জন মুক্তি পাচ্ছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সৌদি আরবের আবহা অঞ্চলে দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসীরা। সেই সময় সাতজন প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করে সৌদি আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তার ডাক্তার মোজাম্মেল হোসেন ও জয়নাল আবেদীনসহ সাতজনকে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কনস্যুলেটের এনএসআই কর্মকর্তা জাহিদুল ইসলাম।

রবিবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় গণমাধ্যমকর্মীদের এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। জাহিদুল ইসলাম বলেন, কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মুক্তির ব্যবস্থা করে আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে ফেরত পাঠানো যাবে। সৌদি আরবে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় এই ধরনের অনুষ্ঠানকে আইনশৃঙ্খলা পরিপন্থী বলে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কোনো ধরনের সাজা না হওয়ায় তাদের মুক্ত করা ত্বরান্বিত হয়েছে। সৌদি সরকারের আইন মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ করেন তিনি।