ভারতের মাটিতে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। খেলা ভারতে হলেও তাতে নেই বিরাট কোহলি-রোহিত শর্মারা। টেস্টে ভারতের পরবর্তী ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সেটি শুরু হবে ১৯ সেপ্টেম্বর থেকে। তার আগে সোমবার থেকে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের টেস্ট শুরু হচ্ছে ভারতের নয়ডাতে।
দেশে রাজনৈতিক অবস্থার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর থেকেই 'যাযাবর' আফগানিস্তান দল। এর আগে ভারত ও সংযুক্ত আরব আমিরাতে ঘরের মাঠ বানিয়ে খেলতে হয়েছে আফগানদের। তাই অনিশ্চয়তা দূর করে ভালো খেলার লক্ষ্যে নির্দিষ্ট একটি মাঠের দাবি অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদির।
এর আগে স্বাগতিক হিসেবে আয়ারল্যান্ডের বিপক্ষে দেরাদুন এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লখনৌতে টেস্ট খেলেছে আফগানিস্তান। এছাড়া আবুধাবিতে খেলেছে তিনটি ম্যাচ।
শাহিদি বলেন, 'ভারত আমাদের হোম ভেন্যু। আমরা যখন অন্য দেশগুলোকে স্বাগত জানাই, দেখা যায় তারা এখানে আমাদের চেয়ে বেশি খেলেছে। তাই আশা করি, ভারতে আমরা একটি নির্দিষ্ট ভালো ভেন্যু পাব এবং সেটিতেই সব খেলব। এটিই আমাদের জন্য বেশি কার্যকর হবে।'
টেস্ট র্যাংকিংয়ে চার নম্বরে আছে নিউজিল্যান্ড। আফগানিস্তান ১২ নম্বরে। এই ম্যাচ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ছয় বছরে মাত্র ৯টি ম্যাচ খেলেছে আফগানিস্তান। আইসিসির ভবিষ্যৎ সূচির চক্রে (২০২৩-২৭) ২২টি টেস্ট আছে আফগানদের।