ভুটানের কাছে আবার হার, মাথা হেট কাবরেরার!

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

ভুটান ১-০ বাংলাদেশ

থিম্পুর চ্যাংলিমিথাং স্টেডিয়াম থেকে ফের হারের লজ্জা নিয়ে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলকে। রবিবার প্রীতি সিরিজের দ্বিতীয় ম্যাচে ডিফেন্ডারদের ভুলে অতিরিক্ত সময়ে গোল হজম করে ভুটানের কাছে দ্বিতীয়বারের মতো হারের পরিণতি বরণ করতে হয় বাংলাদেশকে। তাতে ক্লিনশিট থাকা এবং রেটিং পয়েন্ট বাড়িয়ে নেওয়ার কোন লক্ষ্যই পূরণ হলো না হাভিয়ের কাবরেরার দলের। মুখোমুখি ১৬ ম্যাচে এটি ভুটানের দ্বিতীয় জয়। 

পুরোটা ম্যাচ ভীষণ ম্যারম্যারে ফুটবল খেলা বাংলাদেশের এই হারটা প্রাপ্যই ছিল। নিজেদের মাঠ, আবহাওয়া, দর্শক সমর্থন কাজে লাগিয়ে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ভুটান আক্রমণের দিক থেকে ছিল এগিয়ে। প্রথম ম্যাচে শুরুর দিকেই ভুটান কিপারের একটি ভুলে সুযোগে শেখ মোরসালিন গোল করে বাংলাদেশকে জিতিয়েছিলেন। তবে ওরকম কোন আক্রমণও রবিবার গড়তে পারেনি বাংলাদেশ। ভুটান আক্রমণে, পাসিং ফুটবলে এগিয়ে থাকলেও বাংলাদেশের রক্ষণে গিয়ে বারবার খেই হারালেও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আসল কাজটা করেন বদলী ফরোয়ার্ড কিঙ্গা ওয়াংচুক। সতীর্থের ফ্রি-কিক থেকে আসা বল বাংলাদেশের তিন ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় দাঁড়ানো ওয়াংচুক গোলের আনুষ্ঠানিকতা সাড়েন নিখুঁত ভলিতে।  

দু'টি পরিবর্তন নিয়ে রবিবার খেলতে নেমেছিল বাংলাদেশ। আগের ম্যাচে গোড়ালিতে ব্যাথা পাওয়ায় আক্রমণভাগের অন্যতম অস্ত্র রাকিব হোসেন আগেই ছিটকে গিয়েছিলেন। তার জায়গায় একাদশে সুযোগ হয় শাহরিয়ার ইমনের। আর আগের ম্যাচে সেন্টারব্যাক পজিশনে খেলা বিশ্বনাথ ঘোষের জায়গা নেন লেফটব্যাক ইশা ফয়সালকে। দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার না থাকাটা ভালোই ভুগিয়েছে বাংলাদেশকে। সেন্টারব্যাক পজিশনে তপু বর্মণের সঙ্গে খেলা শাকিল হোসেন প্রায়ই ভুল করেছেন। সামনে রাকিবের শূণ্যতা পূরণ করতে পারেননি ইমন। আর রাকিব না থাকায় শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিমকেও স্বাভাবিক রূপে দেখা যায়নি। 
আগের ম্যাচের ক্লান্তির কারণেই বাংলাদেশ শুরু করেছিল সাবধান হয়ে। তবে ট্রানজিশনে দ্রুত আক্রমণে উঠতে পারেননি মাঝমাঠের দায়িত্বে থাকা দুই সোহেল রানা ও মোহাম্মদ হৃদয়। ফলে সামনের তিন ফরোয়ার্ড সেভাবে বলের যোগান পায়নি। পুরোটা সময়ই উদ্দেশ্যহীন মনে হয়েছে বাংলাদেশকে। ভুটানও সেভাবে গুছিয়ে খেলতে পারেনি। তারাও প্রচুর মিস পাস করেছে। ফলে একটা ম্যাড়ম্যাড়ে প্রথমার্ধ শেষ হয়েছে গোলহীনভাবে। ম্যাচের ১১ মিনিটে তপুর লম্বা বল অফসাইট ফাঁদ ভেঙে পেয়ে ডান দিকে আক্রমণে গিয়েছিলেন ফাহিম। তবে তার শট ব্লক করে দেন ভুটানের এক ডিফেন্ডার। নিজে শট না নিয়ে তিনি কাটব্যাক করতে পারতেন মোরসালিনের কাছে। ৩৩ মিনিটে অহেতুক কারিকুরি করতে গিয়ে বিপজ্জনক জায়গায় সিনিয়র সোহেল রানা বল হারান নামগিলের কাছে। বল নিয়ে বক্সে ঢুকে নামগিলের জোড়ালো শট শেষ মুহূর্তে লাফিয়ে ফিস্ট করেন মিতুল। প্রথমার্ধের যোগ করা সময়ে সোহেলের লম্বা বল পেয়ে বক্সে ঢুকে গিয়েছিলেন শাহরিয়ার ইমন। তবে তার শট ইয়েশি গেলশেন ব্লক করেন। 

দ্বিতীয়ার্ধে দু'দলের খেলোয়াড়দের মধ্যে ভর করেছিল ক্লান্তি। ফলে খেলা আরও বিরক্তিকর হয়ে ওঠে। এই অর্ধ্বে কাবরেরা অনেকগুলো পরিবর্তন করেও ভাগ্য ফেরাতে পারেননি ম্যাচের। ঘড়ির কাটা ঘন্টা ছুঁলে আক্রমণভাগে দুটি পরিবর্তন করেন কোচ। শাহরিয়ার ইমনের জায়গায় অভিষেক হয় মিরাজুল ইসলামের। আর ফাহিমের জায়গায় নামেন রাব্বি হোসেন রাহুল। তবে তরুণ তুই তারকা সেভাবে চেনাতে পারেননি নিজেদের। এরও ১৫ মিনিট পর মোরসালিন ও ছোট সোহেল রানার জায়গায় আসেন জামাল ভুঁইয়া ও মুজিবুর রহমান জনি। এই পরিবর্তনেও খেলার ধারায় পরিবর্তন হয়নি। ম্যাচটা যখন গোলশূণ্য ড্রয়ের দিকে এগুচ্ছিল, তখনই  বাংলাদেশের ডিফেন্ডাররা করে বসেন ভুল। ্র শেরিং ধাওয়ার ফ্রি-কিক গোলমুখের জটলায় আসলে তিনজন বাংলাদেশী সাদউদ্দিন, হৃদয় ও জনি নিরীহ বলটা ক্লিয়ার করতে পারেননি। তা চলে আসে জটলায়। সেখান থেকে ধেনদুপ পেমা হেড করে বাঁ দিকে বাড়ান। বদলী কিংগা ও্য়াংচুক ছিলেন আনমার্কড। সুযোগ পেয়ে তড়িৎ ডানপায়ের ভলিতে পরাস্ত করেন মিতুল মারমাকে। সুবাদে সিরিজ শেষ হয় ১-১ সমতায়। 

আর বাংলাদেশের সঙ্গী হয় আরেকটি থিম্পু দুঃস্মৃতি।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত