তারেক রহমান বললেন

ভোটের অধিকার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। গতকাল রবিবার বিকেলে সাতক্ষীরার কলারোয়া পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এক জনসভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। কলারোয়া উপজেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

সভায় তারেক রহমান বলেন, ‘জনগণের অধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য দেশে বিএনপির লাখ লাখ নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছে। জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু আমাদের কাক্সিক্ষত লক্ষ্য অর্থাৎ জনগণের রাজনৈতিক অধিকার এখনো অর্জিত হয়নি। কাজেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি।’

সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, খুলনা বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কু-ু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আমিনুল ইসলাম, ডাক্তার শহিদুল আলম, সাবেক এমপি কাজী আলাউদ্দিন, হাবিবুল ইসলাম হাবিবের সহধর্মিণী অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসান ও যুবদল নেতা আইনুল ইসলাম নান্টা।