ছাত্র-জনতার আন্দোলনের সময় রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী মনোয়ারা বেগম এ মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান।
গত ১৯ জুলাই রামপুরার বেটার লাইফ হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনী, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাদের গুলিতে বাবুল গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
ময়মনসিংহে সাগর হত্যায় মামলা : ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে রেদোয়ান হাসান সাগর (২৪) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১১ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। গতকাল রবিবার সকালে মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রওশন জাহানের আদালতে এ আবেদন করেন। মামলাটি করার সময় আদালত প্রাঙ্গণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আসামি করা হয় তার বোন শেখ রেহানা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, ময়মনসিংহ সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত, সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, সহসভাপতি আমিনুল হক শামীম, সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ, সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল, নিলুফা আনজুম পপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ ১১১ জনকে।
জানা গেছে, আদালত অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দিয়েছে।
মামলার বাদী আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘মোহিত উর রহমান শান্ত ও তার লোকজন প্রকাশ্যে সাগরকে গুলি করে হত্যা করেছেন। এর বিচার হতেই হবে। অন্য আসামিদের নির্দেশে ময়মনসিংহে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা আদালতের কাছে আশাবাদী, সাগর হত্যার বিচার হবে।’
বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নগরীর মিন্টু কলেজ এলাকায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী রেদোয়ান হাসান সাগর। তিনি আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে।