বিজিবির অভিযানে আগস্টে ২৭২ কোটির চোরাচালান পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ২৭২ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। গতকাল রবিবার বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজিবি জানায়, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে সোনা, রুপা, সাপের বিষ, কসমেটিকসসামগ্রী, শাড়ি, থ্রি-পিস, শার্ট-পিস, চাদর, কম্বল, তৈরি পোশাক, ট্রাক, পিকআপ, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, মোটরসাইকেল ইত্যাদি। এ ছাড়া বিদেশি অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। বিজিবি আরও জানান, সীমান্তে অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাচালানি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১২৫ জন বাংলাদেশি নাগরিক ও ২২ জন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়া ৪ হাজার ৫০৬ জন মিয়ানমার নাগরিককে আটকের পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।