রবি শাস্ত্রীর কথায় পারফরম্যান্সে উন্নতি হয় পান্থের

রিশভ পান্থ মাঝে মধ্যে এমন সময় রিভার্স সুইপ শট খেলেন, যে দল কখনো তাতে বিপদেও পড়ে যায়। তাকে কে কি বললো তার তোয়াক্কা করেন না পান্থ। সেই পান্থই নিজের খেলার উন্নতির জন্য কৃতিত্ব দিচ্ছেন সাবেক কোচ রবি শাস্ত্রীকে। 

রাহুল দ্রাবিড় কোচ থাকাকালীন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেও নিজের পারফরমেন্সের উন্নতির জন্য রবি শাস্ত্রীকেই বেশি কৃতিত্ব দিচ্ছেন পান্থ।

এক পডকাস্টে পান্থ বলেন, ‘আমার সঙ্গে রবি শাস্ত্রী সম্পর্ক খুব ভালো। আমার সঙ্গে বোঝাপড়াও বেশ ভালো ছিল কারণ খেলার ক্ষেত্রে আমায় পূর্ণ স্বাধীনতা দিয়েছিল। আমায় যদি কেউ কোনও কিছু করতে বারণ করে সেটা আমার ঠিক লাগে না, বরং আমায় কেউ যদি বিকল্প পথ বেছে দিতে পারে তাহলে আমি সেই পথ বেছে নিতে পারি। একটা সময় ছিল যখন আমি বারবার অফ স্পিনারদের বলে আউট হয়ে যাচ্ছিলাম। রবি ভাই এরপর আমাকে এসে বলেছিল যে অফ স্পিনারদের সামলানোর একটা পথ উনি বের করেছেন। আমায় কোচ বলেছিল ক্রিকেটে অফ স্পিনারদের ক্ষেত্রে আমি যাতে রিভার্স সুইপ খেলি, যেটা পরে আমায় অত্যন্ত সাহায্য করেছে।'

সদ্য সমাপ্ত দুলিপ ট্রফির প্রথম রাউন্ডে লাল বলের ক্রিকেটে ৩৪ বলে ফিফটি করেন পান্থ। ৪৭ বলে খেলেন ৬১ রানের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ডাক পেয়েছেন তিনি।