'ভারতে ফাইট দেওয়ার চেষ্টা করবো'

পাকিস্তান সফরের অনুপ্রেরণা কাজে লাগিয়ে ভারত সফরে লড়াই করতে চান মেহেদী হাসান মিরাজ। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মিরাজ।

ভারতের কন্ডিশনে বাংলাদেশ কেমন করবে, প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, 'চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি।'

ভারত সফরের চ্যালেঞ্জ নিয়ে মিরাজ আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে সব সময়ই চ্যালেঞ্জ থাকে। প্রত্যেক সেশন, প্রত্যেক বল, সবটাই চ্যালেঞ্জ। ব্যাটসম্যান, বোলার—সবার জন্য। ভারত অবশ্যই ভালো দল। ওদের বোলাররা অনেক ভালো, ব্যাটসম্যানরা ভালো।'

সর্বশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই বাংলাদেশ দলের ওপর প্রত্যাশার চাপ বাড়ছে। এ নিয়ে মিরাজ বলেন, 'আমরা যখন ভালো খেলি, তখন সবারই প্রত্যাশা বাড়ে। আমাদের ভালো খেলাটা গুরুত্বপূর্ণ। যদি তা করতে পারি, আমরা নিজেদেরও প্রত্যাশা পূরণ করতে পারবো।'

ভারতের দলে চার স্পিনার আছে। তাদের আটকানোর জন্য ব্যাটারদের চ্যালেঞ্জটা কেমন। মিরাজ বলেন, 'চ্যালেঞ্চ অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আগেও টেস্ট খেলেছি। আমাদের আগের পারফরম্যান্স ভালো ছিল না। তবে এবার আত্ববিশ্বাস নিয়ে যাচ্ছি। আমরা ফাইট দেওয়ার চেষ্টা করবো। ওদের সাথে ফাইট দিতে পারলেই রেজাল্ট আমাদের দিকে আসবে। আমাদের পরিকল্পনা ফাইট দেওয়া।'

একটা সময় ভাবা হতো সাকিবের যোগ্য উত্তরসূরি হবেন মিরাজ। সাকিবের বয়স ৩৭, বয়স বিবেচনায় হয়তো আর বেশি দিন খেলতে পারবেন না সাকিব। সাকিব না থাকলে মিরাজ তার রোলটা প্লে করবেন কিনা এমন প্রশ্ন ছিল মিরাজের দিকে।

মিরাজ বলেন, 'বিশ্ব ক্রিকেটে একটা পর্যায়ে সবারই রিটায়ার্ড করতে হয়। একটা বিষয় সব জায়গাতেই আছে রিপ্লেসমেন্ট। সাকিব ভাই যখন খেলবে না আমার রোলটা আরও বেশি গুরুত্বপূর্ণ হবে দলের জন্য।'

ভারতের বিপক্ষে পাকিস্তান সিরিজকেই প্রেরণা হিসেবে দেখছেন মিরাজ, 'আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি পার্থক্য নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।'

ভারত সফরে মিরাজের প্রত্যাশা কি এমন প্রশ্নে তিনি বলেন, 'আমি কোন সিরিজেই পরিকল্পনা করে যাই না। সেটা আমার জন্য চাপ হয়ে যায়। পাকিস্তান সিরিজের আগেও চিন্তা করিনি যে আমি ম্যান অব দ্য সিরিজ হবো। প্রত্যাশা সবারই থাকবে, আমারও আছে। আমি চেষ্টা করছি সাভাবিক থাকার জন্য। চিন্তা করছি কিভাবে রান করতে পারবো, উইকেট নিতে পারবো।'

ভারত প্রথম টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে। প্রথম টেস্ট হবে আগামী ১৯ সেপ্টেম্বর।