'ব্যালন ডি'অর তালিকায় জায়গা পাওয়া আমার প্রাপ্য ছিল'

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১০ পিএম

ব্যালন ডি'অর ২০২৪ এর সংক্ষিপ্ত তালিকা কয়েক দিন আগে প্রকাশ করেছে ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল। ৩০ জনের সেই তালিকায় নেই রিয়াল মাদ্রিদে খেলা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর নাম।

সামাজিক মাধ্যমে ইঙ্গিতটা আগেই দিয়েছিলেন রদ্রিগো। এবার সরাসরিই বললেন, ব্যালন ডি'অরে সংক্ষিপ্ত তালিকায় নিজের নাম না দেখে চরম বিস্মিত তিনি।

ইএসপিএনকে ২৩ বছর বয়সী রদ্রিগো বলেন, 'আমি খুবই হতাশ হয়েছিলাম। আমার মনে হয়, এটা আমার প্রাপ্য (সংক্ষিপ্ত তালিকায় জায়গা)। তালিকায় যারা আছেন, তাদেরকে আমি খাটো করতে চাই না। তবে বিশ্বাস করি, ৩০ জনের ভেতর জায়গা পাওয়া উচিত ছিল আমার।'

রদ্রিগো স্বীকার করেন, সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন তিনি বিদ্রূপ করেই। ব্যালন ডি'অর তালিকার নাম ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়ালের হয়ে গেল মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ের ছবি দিয়েছিলেন।

রদ্রিগো বলেন, 'আমি উপহাস করেই পোস্ট করেছিলাম। এখন এসব নিয়ে আর বেশি কিছু বলার নেই। আমার ক্ষোভের কথা সবারই জানা। রিয়াল মাদ্রিদে ও জাতীয় দলে সবাই আমাকে সমর্থন করেছে।'

গেল মৌসুমে লা লিগায় ১০টি গোল করেছেন রদ্রিগো, চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি। প্যারিসে আগামী ২৮ অক্টোবর দেওয়া হবে ব্যালন ডি'অর।

কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরের বিপক্ষে শনিবার রদ্রিগোর গোলে জিতেছে ব্রাজিল। বুধবার সেলেসাওদের প্রতিপক্ষ প্যারাগুয়ে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত