সুপার টাইফুন ইয়াগির আঘাতে ভিয়েতনামে নিহত ৫৯

চলতি বছর এশিয়ার সবচেয়ে শক্তিশালী ঝড় সুপার টাইফুন ইয়াগির আঘাতে উত্তর ভিয়েতনামে কমপক্ষে ৫৯ জন নিহত এবং শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

সোমবার দেশটির কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, শুধুমাত্র ভূমিধসেই অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খবর বিবিসি।

চীন ও ফিলিপাইনের পর গত শনিবার উত্তর ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। তবে ঝড়টি পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে দেশটির কর্তৃপক্ষ আরও বন্যা এবং ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে।

ইয়াগির প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে অনেক এলাকা। বৃষ্টিপাত অব্যাহত থাকায় আজ সোমবার বন্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় সময় দুপুরে ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূল দিয়ে স্থলে আঘাত হানে টাইফুনটি। এ সময় ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে ভিয়েতনামের হাই ফোং এবং কোয়াং নিহ অঞ্চলে আছড়ে পড়ে ইয়াগি।

ভিয়েতনাম সরকার জানিয়েছে, ইয়াগির প্রভাবে দেশটির বিভিন্ন অঞ্চলে বহু গাছপালা উপড়ে পড়েছে, ধ্বংস হয়েছে অনেক ঘরবাড়ি। এছাড়া দেশটির বিভিন্ন অংশে বিদ্যুৎ সরবরাহ ও টেলিযোগাযোগ ব্যাহত হচ্ছে।

সোমবার সকালে উত্তরাঞ্চলীয় ফু থো প্রদেশে একটি সেতু ভেঙে পড়ে ১০টি গাড়ি এবং দুটি স্কুটার নদীতে ডুবে যায় বলে জানিয়েছেন উপ-প্রধানমন্ত্রী হো ডুক ফক। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং ১৩ জন নিখোঁজ রয়েছে।

ইয়াগির প্রভাবে ভিয়েতনামের উপকূলীয় শহরগুলি থেকে প্রায় ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তৃপক্ষ সবাইকে বাড়ির ভিতরে থাকার সতর্কতা জারি করেছে। এছাড়া হ্যানয়সহ উত্তরের ১২টি প্রদেশে স্কুল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, বৃষ্টি অব্যাহত থাকায় আরও বন্যা ও ভূমিধস হতে পারে। উত্তরাঞ্চলের চারটি প্রদেশে বন্যার ঝুঁকি খুব বেশি বলে বলে সতর্ক করেছে সংস্থাটি।