একই পদে দুই গ্রেডের বৈষম্যের কারণে অডিটর পদকে ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে কয়েক দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের নিরীক্ষা ও হিসাব বিভাগের অডিটররা। ফলে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় ও এর অধীস্থ সব দপ্তরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।
আন্দোলনকারী অডিটররা বলছেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে অডিটরের পদকে ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণের নির্দেশনা প্রদান করা হলেও অর্থ মন্ত্রণালয় ২০১৮ সালের ২৩ ডিসেম্বর উক্ত রিট মামলার পক্ষভূক্ত ৬১ জন অডিটরের পদকে ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত করে। এতে করে ৬১ জন অডিটর ব্যতীত বাকি দেশের ৬ হাজার ৯৮৫ জন অডিটর একই পদে দুই গ্রেডের বৈষম্যের শিকার হচ্ছেন। তারা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন অফিস সময়ে এ অবস্থান কর্মসূচি চলবে।
এদিকে রবিবার (৮ সেপ্টেম্বর) উদ্ভুত এ পরিস্থিতি নিরসণের জন্য সিএজি অফিস থেকে 'সিএজি কার্যালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের অডিটর পদের বেতন গ্রেড-১১ হতে গ্রেড-১০ এ উন্নীতকরণ সংক্রান্ত' একটি চিঠি অর্থ বিভাগের সচিব বরাবর প্রেরণ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সমগ্র দেশে নিরীক্ষা ও হিসাব বিভাগের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অডিটর পদের বেতন গ্রেড-১১ হতে গ্রেড-১০ এ উন্নীতকরণের লক্ষ্যে বাস্তবায়ন আদেশ জারি না হওয়ায় বর্তমানে উদ্ভুত পরিস্থিতিতে নিরীক্ষা ও হিসাব বিভাগের সার্বিক কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এমতাবস্থায়, সার্বিক পরিস্থিতি বিবেচনাপূর্বক সিএজি কার্যালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের অডিটর পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের লক্ষ্যে বাস্তবায়ন আদেশ জারি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে পুনরায় বিশেষভাবে অনুরোধ করা হলো।
চিঠিতে আরও বলা হয়েছে, রিট পিটিশন নম্বর- ৯৩৯৯/২০১৫ এর রায়ের প্রেক্ষিতে কনটেম্পট পিটিশন নম্বর- ৭৫৯/২০১৯, ২৬৪/২০২১ এবং ৫৬৯/২০২১ এ অন্তর্ভুক্ত অডিটরগণ-সহ অডিটর পদের বেতন গ্রেড-১১ হতে গ্রেড-১০ এ উন্নীতকরণের লক্ষ্যে (পিটিশন নম্বর- ৯৩৯৯/২০১৫ এর রায় বাস্তবায়নের তারিখ ২৩/১২/২০১৮ খ্রি. হতে) বাস্তবায়ন আদেশ জারি করার জন্য সিএজি কার্যালয় কর্তৃক সুপারিশ-সহ অর্থ বিভাগে প্রেরণ করা হয়।
সে প্রেক্ষিতে অর্থ বিভাগ কর্তৃক প্রেরিত পত্রের মর্মানুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) কর্তৃক ২০/০৮/২০২৪ খ্রি. তারিখের ১০,০০,০০০০.১২৯.০৪.৮১.২৪-৭৮ নম্বর পত্রানুযায়ী মাননীয় হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নম্বর- ৯৩৯৯/২০১৫ এর রায় ও কনটেম্পট পিটিশন নম্বর- ৭৫৯/২০১৯, ২৬৪/২০২১ এবং ৫৬৯/২০২১ এর আলোকে সিএজি কার্যালয় ও এর অধীনস্থ দপ্তরসমূহের অন্যান্য অডিটর পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের পক্ষে আইনগত মতামত প্রদান করা হয়।
আরও পড়ুন