স্টুয়ার্টের কাছ থেকে সারের অভিষেক ক্যাপ নিলেন সাকিব

কাউন্টি ক্লাব সারের হয়ে অভিষেক হলো বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসানের। টনটনে সমারসেটের বিপক্ষে কাউন্টি ডিভিশন ওয়ানের ম্যাচে সারের হয়ে মাঠে নেমেছেন সাকিব। তার আগে সাকিবের হাতে সারের পক্ষে অভিষেক ক্যাপ তুলে দেন দেশটির কিংবদন্তিতুল্য ক্রিকেটার অ্যালেক স্টুয়ার্ট। ইউটিউবে সরাসরি দেখা যাচ্ছে ম্যাচটি। শুরুতে বোলিং করছে সাকিবের দল।

সারে ক্লাবের ক্রিকেট ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, 'সাকিবের মতো একজন খেলোয়াড়কে আমাদের দলে নেয়ার সিদ্ধান্ত সহজ ছিল। আমাদের দুটি স্পিন অলরাউন্ডারের অভাব পূরণে তার অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের সাহায্য করবে।' তিনি বলেন, 'সাকিব অভিজ্ঞতা এবং ব্যাট-বলের অসাধারণ দক্ষতা নিয়ে আসছেন এবং সে সারের জন্য কী করতে পারেন তা দেখার অপেক্ষায় আছি।'

একাদশ ওভারেই বল করতে আসেন সাকিব আল হাসান।

সাকিব আল হাসান বলেছেন, 'সারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব এবং এই ক্লাবকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসে দলের লক্ষ্য অর্জনে সহায়ক হতে চাই।'

টনটনে একটি সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি।

১৫ সেপ্টেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে এবং ওই সফরের দলে সাকিবও থাকবেন নিশ্চিত। ভারতে সেদিনই সাকিবেরও যোগ দেওয়ার কথা দলের সঙ্গে।