করপোরেট চাকরি মূলত করপোরেশন চাকরি। করপোরেশন মানে হলো ব্যক্তিমালিকানাধীন বেসরকারি প্রতিষ্ঠান। তাই করপোরেট চাকরিতে প্রতিদিনই টিকে থাকার লড়াইয়ে শামিল হতে হয়। করপোরেট চাকরিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা আপনাকে জানতে হবে।
কাজের বিষয়ে স্পষ্টতা
আপনার প্রতিটি কাজে স্পষ্টতা ও স্বচ্ছতা থাকতে হবে। আপনি কী করতে চান এবং চাকরির নিয়মে কী রয়েছে সেসব বিষয়ে স্পষ্ট থাকুন। কোন কাজটি বেশি পছন্দ এবং কোনটিতে দক্ষ তা জানান। সে অনুযায়ী পছন্দের কাজটি পেয়ে যেতে পারেন। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে যারা অভিজ্ঞ তাদের পরামর্শও নিন।
হাতে-কলমে শেখানো
গবেষণা প্রমানিত একজন মানুষ শুনে যতটা শিখতে পারে তার থেকে দেখে দেখেই শিখে ফেলার সম্ভাবনা প্রায় ৭০% বেশি। যদি কাউকে কিছু শেখাতে চান তবে মোবাইল ফোন, মেসেঞ্জার কল বা অন্য কোনোভাবে শুনিয়ে শুনিয়ে শেখানোর চেয়ে হাতে-কলমে শেখানোটা অনেক বেশিই কার্যকর। আপনি যাকে শেখাতে চান সে যদি ঠিকমতো না-ই শিখতে পারে তবে আপনার উদ্দেশ্য সফল হলো না। আবার তার পেছনে ব্যয় করা সময়টাও মাঠে মারা গেল। আর যদি সে শিখেও ফেলে তবুও শুনে শুনে কেউ মনে রাখতে পারে ২০%। আর দেখে মনে রাখতে পারে তার দ্বিগুণ অর্থাৎ ৪০%। এই তথ্যই প্রমাণ করে হাতে-কলমে শিখিয়ে দেওয়ার গুরুত্ব কতটুকু।
নেটওয়ার্কিংয়ের বিকল্প নেই
মানুষের সঙ্গে কথা বলা এবং যোগাযোগ রাখা কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনি জানেন না। বিভিন্ন ডিপার্টমেন্টের লোকজনের সঙ্গে যোগাযোগ রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে বন্ধু তৈরি করা একটি উপকারী বৈশিষ্ট্য। এর মাধ্যমে আপনি ভালো চাকরি এবং পছন্দের পজিশন পেতে পারেন, যেমনটা আগে হয়তো কখনো চিন্তাও করেননি।
মানুষকে বুঝতে চেষ্টা করা
প্রথমেই যেটা দরকার তা হলো মানুষের স্বরূপ অর্থাৎ তার প্রকৃতি সঠিকভাবে বুঝতে পারা। যখন আপনি ভালোভাবে মানুষকে বুঝতে পারেন অথবা জানতে পারেন মানুষের একেকটা আচরণের পেছনে কী ধরনের কারণ থাকতে পারে তখন আপনি বুঝে যাবেন বিশেষ বিশেষ পরিস্থিতিতে মানুষের আচরণ বা কোন কথার সময় কোন ধরনের প্রতিক্রিয়া মানুষের থেকে পাওয়া যায়। যেমন ধরুন আপনি ও আপনার বন্ধু মিলে ছোটখাটো একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছেন। ধরা যাক তার রাগ একটু বেশি। কিন্তু এসব ছোটখাটো বিষয়ে রাগারাগি ব্যবসার উন্নতিতে ক্ষতি করতে পারে। আপনি যদি বুঝে নিতে পারেন আপনার বন্ধু আসলে কী ধরনের কথা বললে রাগের প্রতিক্রিয়া দেখান তবে আপনারই লাভ। আপনি সহজেই সেগুলো এড়িয়ে গিয়ে ব্যক্তিগত ও ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখতে পারবেন।
পরামর্শ মন দিয়ে শুনুন
প্রত্যেকের পরামর্শই মন দিয়ে শুনবেন, সেগুলো যতই অযৌক্তিক হোক না কেন। মেনে চলুন কিংবা না চলুন, কান সব সময় খোলা রাখবেন। কার কোন পরামর্শ কখন কাজে লেগে যাবে হয়তো আপনি বুঝতেও পারবেন না। সবার পরামর্শ নিলেও সেই কাজ করবেন, যেটি আপনি করতে চান বা যেটি করতে আপনার মন সায় দিচ্ছে।