জন্মদিনে ব্রুনোকে জয় উপহার রোনালদোর

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তাই ক্রিশ্চিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে একাদশ সাজিয়েছিলেন রবার্তো মার্টিনেজ। সেই সুযোগে পর্তুগিজদের ওপর চেপে বসেছিলেন স্কটিশরা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটল্যান্ড। কিন্তু কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে বদলি নেমেই খেলার ধরন পাল্টে দেন সিআর সেভেন। ব্রুনো ফার্নান্দেজের গোলে সমতা টানার পর রোনালদোর গোলেই ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। টানা দুই জয়ে দলকে নিয়ে যান নেশনস লিগে লিগ ওয়ান পর্যায়ের এক নম্বর গ্রুপের শীর্ষে।

ম্যাচের প্রথমে ভালো সুযোগে এগিয়ে যায় স্কটল্যান্ড! সপ্তম মিনিটে কর্নার থেকে বল পেয়ে কেনি ম্যাকলেইন চমৎকার ক্রস বাড়ান ডি বক্সে। হেডে গোল করেন স্কট ম্যাকটোমিনে। প্রথমার্ধে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে স্কটিশরা। ১৩ মিনিটে রাফায়েল লেওর শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। সাত মিনিট পর লেওর আরেক শট রিফ্লেক্সে ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্কটল্যান্ড গোলকিপার গান। প্রথমার্ধে পর্তুগালের আক্রমণগুলো সামলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটল্যান্ড।

প্রথমার্ধে ৬৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নেয় পর্তুগাল। বিরতির পর মাঠে নামেন পর্তুগালের অধিনায়ক ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা রোনালদো। ২০২২ সালের পর এই প্রথম বদলি নামলেন রোনালদো। ৫৪ মিনিটে দলকে সমতায় ফেরান বার্থডে বয় ব্রুনো ফার্নান্দেজ। লেওর কাছ থেকে ডি বক্সের বাইরে বল পেয়ে গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার। ৭৬ মিনিটে রোনালদোর ব্যাকহিলে বিপজ্জনক জায়গায় বল পেয়ে যান ফেলিক্স। তার শট পা দিয়ে ঠেকিয়ে দেন গান।

৮২ মিনিটে ফেলিক্সের ডাইভিং হেড ঠেকিয়ে দেন গান। ফিরতি বলে রোনালদোর শট ফেরে ডান দিকের পোস্টের লেগে। সেই বল সতীর্থের পা ঘুরে পান ব্রুনো। তার ক্রসে রোনালদোর হেড ব্যর্থ হয় বাম দিকের পোস্টে লেগে। ফিরতি বলে ছুটে গিয়ে হেড করতে চেয়েছিলেন ফেলিক্স, সেটিও ঠেকিয়ে দেন গান। তবে নির্ধারিত সময়ের চার মিনিট আগে গোল করেন রোনালদো। মেন্দেসের ক্রস থেকে গোল করেন। সব মিলিয়ে ৪৯ দলের বিপক্ষে জালে বল পাঠালেন পর্তুগাল মহাতারকা। ক্রোয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচে ছুঁয়েছিলেন ৯০০ গোলের মাইলফলক। ৩৯ বছর বয়সী মহাতারকার গোল হলো ৯০১টি। দলনায়কের এই ভূমিকায় অবশ্য অবাক নন সতীর্থ ব্রুনো ফার্নান্দেজ। তিনি মনে করেন, রোনালদো মাঠে থাকলেই পার্থক্য গড়ে দেবেন, শুরুর একাদশ বা বেঞ্চে থাকাটা এখানে মুখ্য নয়। বলেন ‘শুরুর একাদশে থাকুক বা বেঞ্চে, তার (রোনালদোর) প্রভাব সবসময় একই থাকে। বদলি হিসেবে যারাই নেমেছে, ব্যবধান গড়ে দিয়েছে। রোনালদো একটা গোল করেছে, তার গোলসংখ্যা ৯০১ হয়েছে আর এখন সে এক হাজার গোলের লক্ষ্যে এগিয়ে যাবে। এটাই সে চায়।’

টানা দুই জয়ে ৬ পয়েন্টে গ্রুপের শীর্ষে উঠে এসেছে পর্তুগাল। দিনের অন্য ম্যাচে লুকা মদরিচের একমাত্র গোলে পোল্যান্ডকে হারিয়ে দুই নম্বর স্থানে এখন ক্রোয়েশিয়া।