সেই ২০২১ সালে ইউরোর অফিসিয়াল ড্রিংক কোকাকোলার বোতল সরিয়ে তুলকালাম বাঁধিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপর থেকেই যেন বিষয়টি ট্রেন্ড হয়ে দাঁড়ায়। গত মে মাসে বাংলাদেশ সফরে এসে একই কাজ করেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি অধিনায়ক সিকান্দার রাজা। এবার কোকাকোলার বোতল সরানো নিয়ে মজা করলেন লিটন কুমার দাস।
ভারত সফর উপলক্ষে মিরপুরে নিয়ম করে অনুশীলন করছে টিম টাইগার। সদ্যই পাকিস্তানের মাটিতে স্মরণীয় সফরে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানো লিটন এবার নিজেকে প্রস্তুত করছেন আরও কঠিন পরীক্ষার জন্য। এর মাঝেই আজ মঙ্গলবার তিনি দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আসেন। মিরপুরের সংবাদ সম্মেলন কক্ষে টেবিলের ওপর রাখা ছিল কোকের বোতল।
লিটন কোকের একটি বোতল ধরে হাসতে হাসতে বলেন ‘আমিও কি কোক নামিয়ে দিব?’ তার কথায় সংবাদ সম্মেলনেও হাসির রোল ওঠে। এরপর লিটন অবশ্য কোকের বোতল টেবিল থেকে নামিয়ে রাখেননি। পানির বোতলের পাশেই সেটা দেখা যায়। লিটন আবারও হাসতে হাসতে বলেন, ‘কোক আমার চলে’। এরপর শুরু হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।