পাকিস্তানকে ধবলধোলাই করে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন মধুর সময় যে কমই আসে টিম টাইগার্সের। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী সপ্তাহে ভারত যাচ্ছে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। তবে সেটা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না লিটন দাস। বরং নানা কারণেই এই সিরিজকে তিনি চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন, যার অন্যতম এসজি বল।
আজ সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন লিটন। পাকিস্তান সিরিজকে গুরুত্বপূর্ণ, তবে অতীত উল্লেখ করে তিনি বলেন, 'অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরও একটু হেল্প করতে হবে, যে আপনারা পাকিস্তান সিরিজ নিয়ে বেশি কথা না বলেন, খুবই ভালো হবে। সামনে যেই সিরিজটা আসছে সেটা অনেক চ্যালেঞ্জিং একটা সিরিজ। খেলোয়াড় হিসেবে আমার কাছে সেটা অতীত হয়ে গেছে সামনে যাওয়ার জন্য।'
ভারত সিরিজ বদলে যাচ্ছে বল। কোকাবুরা বলে অভ্যস্ত বাংলাদেশকে রোহিত শর্মা-বিরাট কোহলিদের সামলাতে হবে এসজি বলে। তাই সিরিজটি চ্যালেঞ্জিং মনে করছেন লিটন, 'আপনারা জানেন ভারত বড় একটা দল এবং আমাদের বলটাও পরিবর্তন হচ্ছে। এই বলে আমরা খুব কমই খেলি। চ্যালেঞ্জিং হবে। আমাদের খেলোয়াড়রাও খুব পরিশ্রম করছে। দেখা যাক কী হয়।'
তিনি যোগ করেন, 'আমরা যতটুকু পারছি আমাদের মূল বোলারদেরই ফেইস করছি। কিছুটা ডিফিকাল্টিস তো আছেই। কারণ, কোকাবুরা বলের নতুন বলটা খেলা কঠিন, পুরাতন বলটা খেলা সহজ। তবে এসজি বলে নতুন বলটা একটু সহজ, পুরাতন বলটা খেলা কঠিন।'