গণতান্ত্রিক অধিকার নিশ্চিতে কাজ করবো আমরা: রাজবাড়ীর পুলিশ সুপার

রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেছেন, প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা হবে। মাননীয় উপদেষ্টা সকলকে এই বার্তাটি দিয়ে দিয়েছেন। সে জন্যই আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ যদি কোনো প্রকার হয়রানির শিকার হন তাহলে সংশ্লিষ্ঠ স্থানে আপনারা অভিযোগ প্রদান করবেন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন নবাগত পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন।

তিনি বলেন, আমাদের বিগত যে পুলিশিং কার্যক্রমগুলো চালু ছিল। সাময়িক হয়তো কিছুটা সমস্যা হচ্ছে। এই কার্যক্রমগুলো পুনরায় আবার চালু হবে। অবৈধ অস্ত্রের বিষয়ে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এখানে এসে অফিসার ইনচার্জদের নিয়ে বসেছিলাম। তাদেরকে দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। তারা তথ্য সরবরাহ করছে। রাজবাড়ীতে কোনো অবৈধ অস্ত্র থাকবে না।

তিনি আরও বলেন, রাজবাড়ীর থানা গুলোতে গিয়ে যদি মানুষ কোনো প্রতিকার না পায় তাহলে আমি তাদের কথা শুনব। রাজবাড়ীর সকলের জন্য পুলিশ সুপারের দরজা ২৪ ঘণ্টা খোলা থাকবে।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, কালের কণ্ঠ রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ, দেশ রুপান্তর রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিম, আজকালের খবর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মহসিন মৃধাসহ জেলার বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।