ভারতের পতাকা নামিয়ে সাত রঙের পতাকা উড়াল মণিপুরের শিক্ষার্থীরা

  • নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ জানিয়ে বিক্ষোভ করছে মণিপুরের শিক্ষার্থীরা
  • ডিসি অফিসে ভারতের জাতীয় পতাকা নামিয়ে নতুন পতাকা উত্তোলন শিক্ষার্থীদের
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ পিএম

হামলা, সহিংসতা যেন থামছেই না ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। নতুন নতুন মাত্রায় ছড়িয়ে পড়ছে সহিংসতা ও বিক্ষোভ। এরই প্রেক্ষিতে প্রধান সরকারি ভবনগুলোতে হামলা চালাচ্ছে রাজ্যটির শিক্ষার্থীরা।

সোমবার রাজ্যের রাজভবন এবং থৈবালের জেলা প্রশাসকের অফিসে হামলা চালায় শিক্ষার্থীরা। এ সময় এ ছাড়া ডিসি অফিসে টানানো ভারতের জাতীয় পতাকা নামিয়ে সাত রঙের নতুন একটি পতাকা টানিয়ে দেয় তাঁরা।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের উত্তরপূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদমাধ্যম ইস্টমোজোর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ইন্ডিয়া টুডে বলছে, মণিপুরে তীব্র আকার ধারণ করেছে শিক্ষার্থীদের বিক্ষোভ। যার প্রেক্ষিতে সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে সোমবার হামলা চালিয়েছে তাঁরা।

এর আগে রোববার, রাজ্যের রাজধানী ইমফলে নেমে এসেছিল বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা। এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে।

রাজ্যের নিরাপত্তা ব্যবস্থাপনায় পরিবর্তনের দাবি সহ নানা দাবীতে বিক্ষোভ জানায় তাঁরা। এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনেও হামলার চেষ্টা করে শিক্ষার্থীরা এবং পরবর্তীতে রাজভবনের বাইরে অবস্থান নেয়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মণিপুরের শিক্ষার্থীদের নতুন পতাকা উড়ানোর একটি ভিডিও। আয়তাকার সাত রঙের একটি পতাকা উড়িয়েছেন শিক্ষার্থীরা। প্রাচীনকালের মেইতি জাতিগোষ্ঠীর সাতটি বংশের প্রতিনিধিত্বের কথা তুলে ধরতে মণিপুরে অনেকেই এই পতাকা ব্যবহার করেন।

ইস্টমোজো বলছে, রাজ্যের থাউবাল জেলার ডেপুটি কমিশনারের (ডিসি) কার্যালয়ে এই ঘটনা ঘটেছে। ভবনের ছাদে উঠে শিক্ষার্থীরা একটি সাত রঙের পতাকা উড়িয়েছে। এই ঘটনার সময় সেখানে উপস্থিত লোকজনকে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

মণিপুরের শিক্ষার্থীদের সরকারি অফিসে নতুন পতাকা উত্তোলনের এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

তবে এ সম্পর্কে থাউবালের ডিসি এ সুভাষ সিং বলেন, শিক্ষার্থীরা একটি নতুন পতাকা টানিয়ে দিয়েছে। তবে এই ঘটনাটি ডিসি অফিসের প্রধান ভবনে ঘটেনি, বরং মূল ফটকে ঘটেছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও জানান, নতুন পতাকাটি কিছুক্ষণ পরই নামিয়ে ফেলা হয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত প্রধান ফটকে পতাকা উত্তোলন করি না। আমাদের মূল অফিস ভবনে তেরঙা উড়ানো হয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত