রাজধানীর ইব্রাহিমপুরে মায়ের সামনেই অটোরিকশার ধাক্কায় মিরা রাণী নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ইব্রাহিমপুর ঈদগাঁ রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মিরা রাণী কুড়িগ্রামের উলিপুর উপজেলার বামনাছাড়া গ্রামের নয়ন চন্দ্র সরকারের একমাত্র মেয়ে। মা কলি রাণী গৃহিণী আর বাবা গার্মেন্টস কর্মচারী। পরিবারটি থাকে ইব্রাহিমপুর ঈদগাঁ রোডের একটি বাসায়।
হাসপাতালে শিশুটির মা কলি রানী জানান, বিকেলে শিশুটি বাসার পাশে একটি অ্যাপার্টমেন্টের সামনে খেলছিল। ব্যস্ত রাস্তাটি দিয়ে অনেক অটোরিকশা চলে। এজন্য জোর করে শিশুটির হাত ধরে রেখেছিলেন মা। এ সময় মায়ের হাতে কামড় দিয়ে হাত থেকে ছুটে দৌড় দেয় শিশুটি। তখন কয়েক হাত দূরে একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে।
শিশুটির বাবা নয়ন চন্দ্র সরকার জানান, সঙ্গে সঙ্গে মিরাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল পাঠিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে শিশুটি মারা যায়।
চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কাফরুল থানায় জানানো হয়েছে।