রাজধানীতে অটোরিকশার ধাক্কায় যুবক নিহত

আপডেট : ১৭ মে ২০২৬, ১২:৫১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সাজিত হাসান নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ীর শনির আকড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাজিত হাসান (২৮) কদমতলী মেরাজনগর বাসিন্দা মো. সোলাইমাসের ছেলে ও ফার্মগেটে এলাকারা আল মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রডাক্ট এক্সিকিউটিভ। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. সোহান জানান, সকালে তিনি  শনিরআকড়া দিয়ে কলেজে যাচ্ছিলেন। তখন দেখেন, একটি সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে গুরুতর আহত হন সাজিত হাসান। সঙ্গে সঙ্গে তিনি তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বাবা মো. সোলাইমান জানান, প্রতিদিনের মত রবিবার সকালেও নিজের মোটরসাইকেল চালিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। এর কিছুক্ষণ পর মুঠোফোনে দুর্ঘটনার খবর শুনতে পান তারা।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে বলে জানান তিনি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত