‘বেতন না দেওয়ায়’ অভিভাবককে বাসায় ডেকে পেটালেন প্রধান শিক্ষক!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্কুলে সন্তানের বেতন বকেয়া থাকায় রোসনা বেগম নামে এক অভিভাবককে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বাসায় ডেকে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের নাগেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম মোসলেম উদ্দিন। তিনি ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা।

ভুক্তভোগী রোসনা বেগম বলেন, ‘আমার স্বামী একজন সিএনজি চালক। তিন বছর আগে আমার ছেলে হোসাইনকে ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পঞ্চম শ্রেণিতে ভর্তি করাই। গত বছর সে অষ্টম শ্রেণির ফাইনাল পরিক্ষায় উত্তীর্ণ হয়। এরপর অর্থাভাবে তাকে এখানে পড়ালেখা করাতে পারছি না। পরে হোসাইনকে অন্য স্কুলে পড়াব বলে ওই স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানাই। কিন্তু তিনি বিষয়টি জানার পর থেকে বলে আসছেন হোসাইনের তিন বছরের বেতন বকেয়া। এটা পরিশোধ করা হলেই তিনি টিসি দেবেন,  নয়তো দেবেন না।’

‘স্কুলে কোনো বকেয়া নেই’ উল্লেখ করে অভিভাবক রোসনা বেগম বলেন, ‘আজ হোসাইন টিসি আনতে গেলে স্কুলের মালিক ও প্রধান শিক্ষক মোসলেম স্যার ও তার স্ত্রী আমার ছেলেকে বকেয়া টাকা পরিশোধ করতে বলে গালাগাল করে। পরে বিষয়টি জানতে স্কুলে গেলে ফোনে প্রধান শিক্ষক তার বাসায় যেতে বলেন। আমি সেখানে গেলে তিনি তার স্ত্রী ও শ্যালক আমাকে মারধর করে। আমার আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা আমাকে তাদের ঘর থেকে বের করে দেন। সাথে সাথে বিষয়টি স্থানীয় ছাত্রদের মাধ্যমে সেনাবাহিনীকে জানানো হয়।’ 

ঘটনাস্থলে থাকা ওই বাড়ির মালিক শাওন মিয়া বলেন, ‘হঠাৎ তাদের চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি মাস্টার সাহেব ও হোসাইনের মা মারামারি করছেন। পরে আমিসহ স্থানীয়রা তাদের দূরে সরিয়ে দেই।’

এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোসলেম উদ্দিন বলেন, ‘তার (অভিভাবক) গায়ে হাত তোলা হয়নি। বরং সে আমার স্ত্রীকে মারধর করেছে। এখন উল্টো বলছেন আমরা মারধর করেছি। আমার শিক্ষা প্রতিষ্ঠান হোসাইনের কাছে তিন বছরের বকেয়া বেতন পাবে। এটা চাওয়াতেই এমন ঘটনা ঘটিয়েছে তারা।’

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বলেন, ‘এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাইনি। পেলে আইনি সহযোগিতা করা হবে।’