বছরের প্রথম পরাজয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

মাত্র দুই মাস আগেই গত জুলাইয়ে কোপা আমেরিকা ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল কলম্বিয়ার। ২৩ বছর পর কোপার ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সেই আর্জেন্টিনাকেই এবার ২-১ গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিল কলম্বিয়া। 

বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই পরাজয়ে লিওনেল স্কালোনি বাহিনীর টানা ১২ ম্যাচের অজেয় যাত্রার শেষ হলো। এ বছর এটিই আর্জেন্টিনার প্রথম হার। দলটি সর্বশেষ হেরেছিল গত বছরের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে। সেটিও ছিল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। মজার ব্যাপার হলো, তারা সর্বশেষ দুই ম্যাচ হেরেছে এমন দুটি দলের কাছে, যাদের কোচ আর্জেন্টাইন। 

এস্তাদিও মেত্রোপলিতানো রবের্তো মেলেনদেজে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে দেন ইয়েরসন মোসকেরা। রদ্রিগেজের থেকে বল পেয়ে বেশ খানিকটা লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে তিনি বল জালে জড়ান। এমি মার্টিনেজের কিছুই করার ছিল না। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৮ মিনিটে রদ্রিগেজের ভুল পাস থেকে বল পেয়ে জালে পাঠিয়ে দেন নিকোলাস গঞ্জালেজ। 

সমতা ফেরানোর আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি আর্জেন্টিনার। ১২ মিনিট পরেই পেনাল্টি থেকে স্কোরলাইন ২-১ করেন রদ্রিগেজ। পেনাল্টি ঠেকানোর মাস্টার মার্তিনেজ এবারও ব্যর্থ। বক্সের ভেতর দানিয়েল মুনোজকে বাজেভাবে ট্যাকল করেন ওতামেন্দি। ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি, যা নিয়ে দুই দলের তর্কও হয়েছে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।