যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্ক। সম্প্রচারমাধ্যম এবিসি নিউজের আয়োজনে বিতর্কটি অনুষ্ঠিত হয়।
বিতর্কের অনেক অংশেই হ্যারিসের কাছে ধরাশায়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তবে বিতর্কের পরপরই কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট।
এই নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ভোট দেবেন বলেও জানিয়েছেন তিনি। খবর বিবিসি।
বিতর্কের পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেলর কমলাকে সমর্থনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। পোস্টে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালজকে ভোট দিবেন বলে জানান টেলর সুইফট।
২৮ কোটি ৩০ লাখ অনুসারীর উদ্দেশে টেলর বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দেব, কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।’
সুইফট হ্যারিসকে ‘অটল-হাতে, প্রতিভাধর’ নেতা বলে অভিহিত করেছেন। লিখেছেন, ‘আমি বিশ্বাস করি আমরা এই দেশে আরও অনেক কিছু অর্জন করতে পারি, যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে চলি।’
এর আগে ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানিয়েছিলেন টেলর সুইফট। সে বছর ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি।