যুক্তরাষ্ট্রে রাসায়নিক গর্ভপাত ওষুধ নিয়ে চলা সিনেটের শুনানির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে রিপাবলিকান সিনেটর জশ হ্যাউলি (মিসৌরি) এবং অ্যাশলি মুডি (ফ্লোরিডা) প্রশ্ন তুলেছেন, 'পুরুষ কি গর্ভধারণ করতে পারে?' । সিনেটের হেলথ, এডুকেশন, লেবার অ্যান্ড পেনশনস (হেল্প) কমিটির 'মহিলাদের সুরক্ষা: রাসায়নিক গর্ভপাত ওষুধের ঝুঁকি উদঘাটন' শীর্ষক বৈঠকে এ ঘটনা ঘটে।
বৈঠকের সময় মুডি ডা. নিশা ভারমাকে প্রশ্ন করেন,'পুরুষ কি গর্ভধারণ করতে পারে?'। ভারমা সরাসরি উত্তর দিতে এড়িয়ে যান এবং বলেন, তিনি বিভিন্ন পরিচয়ের রোগীদের সেবা দেন এবং রাজনৈতিক সংবেদনশীলতার কারণে তিনি এই প্রশ্নের উত্তর দিতে চান না। হ্যাউলি স্পষ্ট উত্তর দাবি করেন এবং এর পরিপ্রেক্ষিতে পরবর্তীতে সামাজিক মাধ্যমে পোস্ট দেন, 'স্পয়লার এলার্ট: পুরুষ গর্ভবতী হতে পারে না'।
উভয় সিনেটর এই মুহূর্তের ভিডিও ক্লিপ শেয়ার করেন, যা তাদের মহিলাদের স্বাস্থ্য ও গর্ভপাত ওষুধের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তুলে ধরেছে। বৈঠকে লুইজিয়ানার অ্যাটর্নি জেনারেল লিজ মারিল এবং ডা. মনিক চিরেও উইবেনহরস্টও সাক্ষ্য দেন। লিঙ্গ ও গর্ভপাত নিয়ে এই বিতর্ক যুক্তরাষ্ট্রের আগামী ২০২৬ সালের মধ্যমেয়াদী নির্বাচনের আগে কংগ্রেসের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার সম্ভাবনা রয়েছে।
