প্রায় দশ মাস পর পরাজয়ের স্বাদ পেয়েছে লিওনেল মেসিবিহীন আর্জেন্টিনা। কোপার ফাইনালে আর্জেন্টিনার কাছে হারের প্রতিশোধ নিতে মরিয়া ছিল কলম্বিয়া। এই পরাজয় কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনার জন্য বড় কোনো ধাক্কা না হলেও একটি বিষয় বেশ চিন্তায় ফেলেছে লিওনেল স্কালোনিকে।
বারানকিয়ায় ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্কালোনির দলকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিকেরা। উজ্জীবিত প্রতিপক্ষ আর বিরুদ্ধ কন্ডিশনে নিজেদের প্রমাণ করতে পারেনি আর্জেন্টিনা। তাই স্কালোনি বলেছেন, ‘পেনাল্টির পর আমরা আসলে আমরা মাঠেই ছিলাম না। এটা নিয়েই আমি চিন্তিত।’
ম্যাচের ফলাফল নির্ধারণী গোলটি হয়েছিল পেনাল্টির মাধ্যমে, যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে স্কালোনি বলেছেন, ‘রেফারির উচিত ছিল প্রথম ছবিটি দেখা। যে ছবিতে মনে হয়েছে ও (ওতামেন্দি) তাকে (মুনোজ) স্পর্শ করেছে সেটি নয়। তার শুরু থেকেই ভিডিও দেখা উচিত ছিল।’
কলম্বিয়ার কাছে হারের আগে টানা ১২ ম্যাচে অজেয় ছিল আর্জেন্টিনা। অর্থাৎ দল বেশ ছন্দেই আছে। স্কালোনিও তাই এক হারে দলের সমালোচনা না করে কলম্বিয়াকেই কৃতিত্ব দিয়েছেন, ‘আমরা তো হারতে ভুলে গিয়েছিলাম। আমরা কলম্বিয়াকে অভিনন্দন জানাই। পরিস্থিতি অনুযায়ী আমরা ভালো ফুটবল খেলেছি। আমরা আমাদের সেরাটা দিয়েছি, এমনকি জিততেও পারতাম। আমরা হারতে পছন্দ করি না।’