২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার ঘটনাবহুল ম্যাচে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ উঠেছে। কলম্বিয়ায় অনুষ্ঠিত ম্যাচটি ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। গত নভেম্বরের পর এটাই তাদের প্রথম হার। এই জয়ে কলম্বিয়া কোপার ফাইনালে হারের প্রতিশোধ নিল বটে, কিন্তু তাদের সমর্থকেরা জন্ম দিল প্রশ্নের।
খেলা শুরুর আগে রীতি অনুযায়ীই দুই দলের খেলোয়াড়েরা জাতীয় সঙ্গীতে ঠোঁট মেলান। বুধবারের ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বেজে উঠতেই কলম্বিয়ার দর্শকরা একযোগে শিস বাজাতে শুরু করে দেন! সেইসঙ্গে ছিল দুয়োধ্বনি। পরিস্থিতি সামাল দিতে আয়োজকেরা উচ্চস্বরে জাতীয় সঙ্গীত বাজাচ্ছিলেন। কিন্তু তা হলুদ জনসমুদ্রের গর্জন ছাপিয়ে যেতে পারেনি।
জাতীয় সংগীতের সময় কলম্বিয়ার সমর্থকদের দুয়োধ্বনি পছন্দ করেননি আর্জেন্টিনার বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকা জয়ে বড় অবদান রাখা রদ্রিগো দি পল। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আমাদের জাতীয় সংগীতের সময় দুয়োধ্বনি দেওয়াটা ঠিক হয়নি। আমি তাদের আক্ষেপটা বুঝতে পেরেছি। তারা কোপা আমেরিকা ফাইনাল নিয়েও উত্তেজিত ছিল।’
গত জুলাইয়ে অনুষ্ঠিত কোপা আমেরিকা ফাইনালে উঠেছিল কলম্বিয়া। ২৩ বছর পর ফাইনালে উঠেও আর্জেন্টিনার কাছে হেরে শিরোপার স্বপ্ন ভেঙে যায় তাদের। তাই বাছাইপর্বের এই জয়কে তারা প্রতিশোধ হিসেবেই দেখছে। এ কারণেই হয়তো কলম্বিয়ান দর্শকরা আর্জেন্টিনার জাতীয় সঙ্গীতের সময় ওই কাণ্ড করেছেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগের তথ্য নেই।