দীর্ঘদিন পর কাউন্টি ক্রিকেট খেলতে নেমে বল হাতে সফল ছিলেন সাকিব আল হাসান। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিনি।
টনটনে সমারসেটের বিপক্ষে সারের প্রথম ইনিংসে আজ ৬ নম্বরে ব্যাট করতে নেমে ২৪ বলে মাত্র ১২ রান করে ইংলিশ স্পিনার জ্যাক লিচের বলে আউট হয়েছেন তিনি। ৩ উইকেটে ১৬৯ রান নিয়ে সকালে খেলতে নামা সারে মিনি ধসের মধ্যে পড়ে সাকিবের আউটে। তার আগে রায়ান প্যাটেল ও পরে ২২০ রানের মাথায় বেন ফোকসকেও হারায় অতিথিরা
প্রথম ইনিংসে ৩১৭ রান করেছিল সমারসেট। সাকিব প্রায় ৩৪ ওভার বল করে ৯৭ রানে নিয়েছিলেন ৪ উইকেট।
লম্বা সময় ধরে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না সাকিবের। সবশেষ পাকিস্তান সফরেও সাফল্যের দেখা পাননি। সিরিজ জেতা সফরে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ১৫ রান করেছিলেন। পরের টেস্টে প্রথম ইনিংসে ২ রানে আউট হওয়া সাকিব দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ২১ রানে।
চোখের সমস্যার কারণে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ব্যাট হাতে বড় ইনিংস খেলতে পারছেন না সাকিব। মাঝে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে পঞ্চাশোর্ধ একটা ইনিংস খেলেছিলেন শুধু।