পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলার শিল্পকলা একাডেমিতে ওই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সভায় দেশ গঠন, ঐক্য প্রতিষ্ঠা, এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস মোকাবিলা বিষয়ে আলোচনা করা হয়।
শিক্ষার্থীরা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন দিক নিয়ে তাদের মতামত তুলে ধরেন। এ সময় বরিশাল জোনের ছাত্র জনতা মৈত্রী সফরের প্রতিনিধি দলের প্রধান আব্দুল হান্নান মাসুদ দেশ পুনর্গঠনে শিক্ষার্থীদের মাঠে থাকার অনুরোধ জানান।
তাদের ঐক্যবদ্ধ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে সোচ্চার হবার নির্দেশনা দেন। সমন্বয়কদের পক্ষে তিনি বলেন, শিক্ষার্থী ও নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করা হচ্ছে তাদের মতামত বিশ্লেষণ করে দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়ন করা হবে। এক ফ্যাসিবাদিকে হটানো হয়েছে অন্যকোন ফ্যাসিবাদিকে ক্ষমতায় আনার জন্য নয়।
অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক রাইয়ান ফেরদৌস জোর দিয়ে বলেন, ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য পূরণে সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। সভার আগে সকালে আন্দোলনের নেতারা শহিদদের কবর জিয়ারত করেন।
এছারাও একই দিন সন্ধ্যায় তাদের পটুয়াখালী জেলার শহিদ পরিবারের সদস্যদের সাথে অপর আরও একটি মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ও বিভিন্ন উপজেলার ২৩ শহিদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এই সময় স্মৃতিচারণ করতে গিয়ে এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়।