জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল্লাহ আল মামুনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শেষে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এদিন তাদের পক্ষের আইনজীবী আব্বাস উদ্দীন ও ফারজানা ইয়াসমিন জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিন হাসানুল হক ইনুকে ৩ দফায় ১৬ দিন, মেননকে দুই দফায় ১১ দিনের রিমান্ড শেষে, পলককে ৩ দফায় ২৩ দিনের এবং মামুনকে ৮ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। আসামিদের রিমান্ডে নেওয়া মামলাগুলোয় কারাগারে পাঠানোর আবেদন করা হয়। তবে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ইনু, মেনন, পলক ও মামুনকে গ্রেপ্তার দেখানো আবেদন করা হয়। এ ছাড়া খিলগাঁও থানার আরেক হত্যা মামলায় এবং ভাটারা থানার একটি হত্যা মামলায় মামুনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।
ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।