আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের ‘আলো আসবেই’ গ্রুপের স্ক্রিনশট ফাঁসে উত্তাল নেট দুনিয়া। ওই গ্রুপে আন্দোলনকালীন সময়ে নানা বিষয় নিয়ে কথোপকথন চলত। এই গ্রপের সদস্য ছিলেন ফেরদৌস আহমেদ, রিয়াজ, শামীমা তুষ্টি, তানভীন সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেমসহ অনেকে।
সমালোচনার মাঝেই কয়েকজন শিল্পী গ্রুপে যুক্ত থাকার বিষয়টি নিয়ে কথা বলেছেন। স্পষ্ট করেছেন নিজের অবস্থান সম্পর্কে। ফেসবুকে কেউ আবার ক্ষমাও চেয়েছেন। তবে কিছু শিল্পী এখনও নিশ্চুপ! সেই তালিকায় আছেন সোহানা সাবা।
তবে বৃহস্পতিবার এই অভিনেত্রী ফেসবুকে কবিতার ভাষায় লিখলেন আলো আসবেই। এর আগে লিখেছেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ। সমুদয় পাল্টানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’
অভিনেত্রীর এই পোস্ট ঘিরে নেটিজেনদের বেশির ভাগই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। আর তার পোস্টটি শেয়ার করে মন্তব্য করেছেন অনেকেই। একজন লিখেছেন, ‘এখন বিটিভিতে শুধু আলো আর আলো।’
তবে অনাকাঙ্ক্ষিত মন্তব্য এড়াতে সাবা মন্তব্য বাক্স সীমিত করে দিয়েছেন।
উল্লেখ্য, ‘আলো আসবেই’ গ্রুপের অ্যাডমিন ছিলেন সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, নায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি। আর এতে যুক্ত ছিলেন শোবিজের অনেক তারকা।