অডিটরদের অবস্থান কর্মসূচির ফলে সারা দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আওতাধীন বিভিন্ন কার্যালয়ে আগত সেবা প্রার্থীগণের সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয়। অবিলম্বে নিজ নিজ কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সিএজি কার্যালয়ের অতিরিক্ত উপ-মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (প্রশাসন) শাহজাহান সিরাজ স্বাক্ষরিত এক সার্কুলারে এ নির্দেশ প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য সার্কুলারে বলা হয়েছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের কর্মচারীদের দাবির আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ সত্ত্বেও দাপ্তরিক কাজ যথাযথভাবে সম্পাদন না হওয়ায় কাজের পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ফলে সারা দেশের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আওতাধীন বিভিন্ন কার্যালয়ে আগত সেবা প্রার্থীগণের সেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে। এ অবস্থার প্রেক্ষিতে সিজিএ, সিজিডিএফ, এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ে, ফিমা, অডিট অধিদপ্তরসমূহ এবং অধীনস্থ কার্যালয়ের সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে তাদের নিজ নিজ কার্যালয়ের দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আদিষ্ট হয়ে নির্দেশ প্রদান করা হলো।
উল্লেখ্য, কয়েক দিন ধরে একই পদে দুই গ্রেডের বৈষম্যের কারণে অডিটর পদকে দশম গ্রেডে উন্নীত করার দাবিতে টানা অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের নিরীক্ষা ও হিসাব বিভাগের অডিটররা। ফলে বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) ও কন্ট্রোলার জেনারেল অব ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় এবং এর অধীন সব দপ্তরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।