ঝিনাইদহে জেলা বিএনপি কার্যালয় ও বাড়ি ভাঙচুরের ঘটনায় পৃথক দুটি মামলার প্রধান আসামি ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহ র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব -৬ এর ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নাশকতা মামলার আসামি সাবেক এমপি নায়েব আলী শহরের আরাপপুর এলাকার তার নিজ বাড়িতে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ, গত ৪ আগস্ট আওয়ামী লীগের একটি মিছিল থেকে ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়।
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় পৃথক দুটি মামলা হয়। সেই মামলায় ১ নম্বর আসামি ছিলেন শৈলকুপা এক আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।