ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্ট ম্যাচ ভারতে প্রথমবার অনুষ্ঠিত হয়েছিল ১৯৩৩ সালে। দীর্ঘ ৯১ বছরে কখনও কোনো বল না গড়িয়ে টেস্ট ম্যাচ শেষ হয়নি। কিন্তু এবার রেকর্ডের বই নতুন করে লেখা হলো। আফগানিস্তান-নিউজিল্যান্ডের একমাত্র টেস্টটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়েছে টস না হয়েই।
গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে টানা চার দিন চেষ্টার পরও ম্যাচ শুরু করা যায়নি। পঞ্চম দিনের সকালেও বৃষ্টি থাকায় দিনের শুরুতেই ম্যাচ পরিত্যক্তের ঘোষণা এসেছে। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্টে একটা বলও হয়নি। এমনটি টসও করা যায়নি। ভারতের মাটিতে হওয়া কোনো টেস্ট প্রথমবার এমন ঘটনার সাক্ষী হলো।
এশিয়া অঞ্চলে কোনো বল ছাড়া টেস্ট ম্যাচ শেষ হওয়ার দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৯৮ সালে ফয়সালাবাদে পাকিস্তান-জিম্বাবুয়ে টেস্ট শেষ হয়েছিল একইভাবে। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে এমন নজির হলো অষ্টমবার। আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচের আগে ওটাই ছিল কোনও বল ছাড়া শেষ হওয়া সর্বশেষ টেস্ট ম্যাচ। সব মিলিয়ে টেস্ট ইতিহাসে অষ্টমবার ঘটল এমন ঘটনা।
আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে খেলার সুযোগ নেই আফগানিস্তানের। নিরাপত্তা শঙ্কায় অন্য দেশের ভেন্যুকে ‘ঘর’ বানিয়ে খেলতে হচ্ছে তাদের। সেই ঘরের একটি হলো গ্রেটার নয়ডা। ভারতের এই ভেন্যুতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে মুখোমুখি হয়েছিল আফগানরা। কিন্তু লাল বলের লড়াইয়ে নামতে আর পারল কই! গ্রেটার নয়ডায় গত সপ্তাহে ১২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে।
আফগানিস্তানের পরবর্তী অ্যাসাইনমেন্ট শারজায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই টেস্টের সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে নিউজিল্যান্ড। এরপর ভারতের মাটিতে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। গ্রেটার নয়ডা টেস্ট অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ ছিল না।