দাবা অলিম্পিয়াড

বাংলাদেশের হতাশার দিনে চমক দিলেন নোশিন

দাবা অলিম্পিয়াডের দ্বিতীয় রাউন্ডে হেরে হতাশার দিন কেটেছে বাংলাদেশের পুরুষ ও মহিলা দাবা দলের।  তবে হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম আসরটিতে হতাশার দিনে একটু আলোর ছটাক দিয়েছেন ফিদে মাস্টার নোশিন আনজুম। নারী গ্র্যান্ডমাস্টার বুলমাগা ইরিনাকে রুখে দিয়ে চমক দেখান তিনি।

উন্মুক্ত বিভাগে পুরুষ দল ৩.৫-০.৫ ব্যবধানে শক্তিশালী ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ ১৫ বছর বয়সী ফিদে মাস্টার বান গিয়া হুইয়ের বিপক্ষে ড্র করেছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ডমাস্টার লি কুয়াং লিয়েমের কাছে হেরেছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড়কে হারিয়েছেন গ্র্যান্ডমাস্টার লি তুয়ান মিন এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন হেরেছেন গ্র্যান্ডমাস্টার ট্রান তুয়ান মিনের কাছে।

মেয়েদের বিভাগে বাংলাদেশ ৩-১ এ হেরেছে রোমানিয়া দলের কাছে। ফিদে মাস্টার নোশিন আনজুম ও ওয়াদিফা আহমেদ তাদের বোর্ডের খেলায় ড্র করেছেন। নোশিন গ্র্যান্ডমাস্টার বুলমাগা ইরিনার সঙ্গে এবং ওয়াদিফা আন্তর্জাতিক মাস্টার সিয়ালাসু অ্যালেসিয়া-মিনহায়েলার সঙ্গে ড্র করেছেন।

ফিদে মাস্টার ওয়ালিজা আহমেদকে হারান গ্র্রান্ডমাস্টার কারমেন ভোউসু-জোগোজিনস্কি এবং নুসরাত জাহান আলো হেরেছেন আন্তর্জাতিক মাস্টার মিরুনা-দারিয়া লেহানির কাছে।

আজ শুক্রবার তৃতীয় রাউন্ডে বাংলাদেশের পুরুষ দল মুখোমুখি হবে সাইপ্রাসের। আর মেয়েরা খেলবে বারবাডোজের সঙ্গে।