ঘর থেকে হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ উদ্ধার

খুলনায় ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় সৈয়দা গুলফার নাহার সেতারা (৬৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামের হালদার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নৈহাটি গ্রামের মৃত শহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানায়, গুলফার নাহার সেতারা নৈহাটি গ্রামের বাড়িতে একা থাকতেন। তার এক মাত্র ছেলে রায়হান এনবিআরের ইনস্পেক্টর পদে চাকরির সুবাদে ঢাকায় বসবাস করেন। শুক্রবার সকালে তার বাড়ির কাজের মহিলা শাহিনুর বেগম এসে ডাকাডাকি করতে থাকেন।  তবে গেটের দরজা খোলা ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পাওয়ায় তার সন্দেহ হয়। তিনি আশেপাশের লোকজন ডেকে এনে ঘরে প্রবেশ করে দেখতে পান, বৃদ্ধা গুলফার নাহারের মরদেহ ঘরের মেঝেতে পড়ে রয়েছে।

রূপসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, খবর পেয়ে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।