প্রধানমন্ত্রীর সফর ঘিরে চট্টগ্রামে সাজ সাজ রব

  • আশপাশ জুড়ে কঠোর নিরাপত্তা বলয়
আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৪:১১ পিএম

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে প্রথমবার দেশের কোনো প্রধানমন্ত্রী আসছেন চট্টগ্রামে। তাই অন্যরকম উচ্ছাস উদ্দীপনা বয়ে যাচ্ছে বন্দর নগরীর সনাতন ধর্মাবলম্বীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণে পুরোপুরি প্রস্তুত ঐতিহাসিক জেএম সেন হল।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে অনুষ্ঠানস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে চট্টগ্রামবাসী আনন্দ-উচ্ছাস নিয়ে অপেক্ষা করছেন। তিনি বলেন, এই জে এম সেন হলের সঙ্গে
ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি জড়িয়ে আছে। সূর্য সেন, যতীন্দ্রমোহন সেনগুপ্ত ও মহিমচন্দ্র দাসের স্মৃতিও এ স্থানের সঙ্গে সম্পর্কিত।
শারদীয় দুর্গোৎসবের সমাপনী পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতি সনাতন ধর্মাবলম্বীদের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে।

মেয়র জানান, জে এম সেন হলের মূল জায়গাটি তুলনামূলক ছোট হওয়ায় সেখানে ৫০০ থেকে ৬০০ জনের মতো মানুষের জায়গা হতে পারে। তবে হলের বাইরে হাজারো সনাতন ধর্মাবলম্বী মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। তাদের জন্য প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার ব্যবস্থা করতে এলইডি স্ক্রিন বসানো হয়েছে। নগরের বিভিন্ন স্থানেও এ ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, যাতে সবাই প্রধানমন্ত্রীর বক্তব্য ও বার্তা শুনতে পারেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জে এম সেন হলমুখী বিভিন্ন সড়কে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জেএম সেন হলের পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। অন্যদিকে বিমানবন্দর থেকে জেএম সেন হলে যাতায়াতের নির্দিষ্ট রুটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপির চটগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম দেশ রূপান্তরকে জানান, রংপুর ও রাজশাহী সফর শেষে প্রধানমন্ত্রী বিকেল সাড়ে পাঁচটায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে। সেখান থেকে তিনি সরাসরি জে এম সেন হলে আসবেন। আসার পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের রাস্তার পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। জেএম সেন হলে পূজামন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যার পর তিনি হোটেল রেডিসনে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন। এসময় তিনি সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেবেন। কর্মসূচী শেষে রাতেই তিনি ঢাকা ফিরে যাবেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত