দোয়ারাবাজার সীমান্তে ভারতীয় রুপিসহ একজন আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য দেশ রুপান্তরকে নিশ্চিত করেছেন দোয়ারাবাজারের বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার।

আটককৃত যুবক দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ভাওয়ালীপাড়া গ্রামের মো.সুরুজ আলমের পুত্র মোহাম্মদ হৃদয় মিয়া (২৫)।

জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে পিলার ১২৩৫/৪ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ কলাউড়া গ্রামে একটি  বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে অবৈধপথে ভারতীয় নাগরিক বাদরেন নামে এক ব্যক্তির নিকট মাছ বিক্রি করে  টাকা নিয়ে বাংলাদেশে আসার পথে বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউড়া এলাকা থেকে হৃদয় মিয়াকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

বাংলাবাজার বিওপি'র কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাসার জানান, দোয়ারাবাজারের সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। আমরা তাদের দমনে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। গতকাল রাতেও বিশেষ অভিযান পরিচালনা করে ১৯ লাখ ৫০ হাজার ভারতীয় রুপিসহ এক বাংলাদেশীকে আটক করেছি।