ঢাবিতে রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা। সমাবেশে বক্তারা ঢাবি ক্যাম্পাসে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি এবং তাদের পূর্ব ঘোষিত দুই দফা দাবি আবারও উত্থাপন করেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাজু ভাস্কর্যের পাদদেশে তারা বিক্ষোভ সমাবেশ করেন। এর আগে তারা ভিসি চত্বর থেকে মিছিল শুরু করে হলপাড়া, ভিসি চত্বর, টিএসসি, শহীদ মিনার, দোয়েল চত্বর হয়ে আবারও টিএসসিতে আসেন।

সমাবেশে বক্তারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে বলেন, আমরা জুলাই বিপ্লবের শত শত শহীদদের আত্মত্যাগের জন্য মাথা উচু করে কথা বলতে পারছি। এই শহীদদের অবদানকে সমুন্নত রাখার জন্য হলেও বাংলাদেশের সকল ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ঢাবি ক্যাম্পাসে কোনো প্রকার দলীয় রাজনীতি রাখতে দেবে না। যারাই ক্যাম্পাস এবং হল দখল করতে আসবে তাদেরই প্রতিহত করবে।

সানজিদা নামের এক শিক্ষার্থী বলেন, ছাত্র সমাজের হাত ধরে বাংলাদেশ ৫ আগস্ট স্বাধীন হয়েছিল। তার আগে জুলাইয়ে কোটা আন্দোলনের সময় আমাদের একটি দফা ছিল ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে ক্যাম্পাসে নানা নাম দিয়ে দলীয় রাজনীতি চালিয়ে যাওয়ার পাঁয়তারা চলছে। আমাদের দাবি স্পষ্ট। ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারী রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

আরেক শিক্ষার্থী নাফিউর রহমান বলেন, ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় রাজনীতি নিষিদ্ধ করা আমাদের ন্যায়সঙ্গত দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন আরও শক্তিশালী হয়েছে। আমাদের ন্যায্য দাবি আমরাই আদায় করে নেব। আমরা কোনো ফ্যাসিবাদের জন্ম আর হতে দেব না।

তিনি উপাচার্যকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা দুই দফা দাবি উল্লেখ করেন। তিনি বলেন, ঢাবি ক্যাম্পাস থেকে সকল প্রকার দলীয় ছাত্র, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন দিতে হবে।