রুদ্ধদ্বার অনুশীলনে শুরু ভারতের প্রস্তুতি

ভারতের মাটিতে দুই টেস্টের সিরিজ উপলক্ষে আরও আগে থেকেই মিরপুরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। এবার আয়োজক ভারতও শুরু করল আনুষ্ঠানিক অনুশীলন। আজ শুক্রবার প্রধান কোচ গৌতম গম্ভীরের অধীনে প্রথম টেস্টের ভেন্যু চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে এই অনুশীলন শুরু হয়েছে। গম্ভীরের সঙ্গে যোগ দিয়েছে নতুন বোলিং কোচ মরনে মর্কেল আর সহকারী কোচ অভিষেক নায়ার।

কোহলিদের এই অনুশীলন হয়েছে রুদ্ধদ্বার। সাংবাদিকদের প্রবেশের অনুমতি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুশীলনের ছবি পোস্ট করে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে লেখা হয়েছে, ‘ভারতীয় দলের প্রস্তুতি শুরুর মাধ্যমে আকর্ষণীয় একটি হোম সিরিজের ক্ষণ গননা শুরু হলো।’

পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, লন্ডন থেকে সরাসরি চেন্নাই এসে অনুশীলনে যোগ দিয়েছেন বিরাট কোহলি। তিনি ৪৫ মিনিটের মতো অনুশীলন করেন। অধিনায়ক রোহিত শর্মাও চেন্নাই গিয়েছেন বৃহস্পতিবার রাতে। এছাড়া দলের প্রায় সবাই অনুশীলনে অংশ নিয়েছেন। পেস তারকা জসপ্রিত বুমরাহকে পূর্ণগতিতে বল করতে দেখা গেছে। সরফরাজ খান দলীপ ট্রফি শেষে দলের সঙ্গে যোগ দেবেন।

দুই ম্যাচের এই সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভূক্ত। এরপর নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সঙ্গেও টেস্ট সিরিজ আছে ভারতের। অন্যদিকে বাংলাদেশও খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এই মুহূর্তে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে ভারত। তাদের পয়েন্ট শতাংশ ৬২.৫২। আর ৪৫.৮৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ।

১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। এরপর কানপুরে দ্বিতীয় টেস্ট ২৭ সেপ্টেম্বর থেকে। টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল।

বাংলাদেশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, খালেদ আহমেদ।

ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জাইসওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, রিশভ পান্ট, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, জাসপ্রীত বুমরাহ, যশ দয়াল।