শ্রীলঙ্কায় বাংলাদেশ নারী 'এ' দলের জয়রথ চলছেই। প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা নারী 'এ' দলকে ৭ উইকেটে হারানোর পর এবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০৪ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ 'এ' দল।
আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এই সিরিজ দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারছেন নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম, শামিমা সুলতানারা। এ দলের সিরিজ হলেও জাতীয় দলের অনেকেই আছেন।
কলম্বোয় আজ পি সারা ওভালে টস হেরে ব্যাট করতে নেমে এক ফিফটিতে ৬ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ। জবাবে মাত্র ৬০ রানেই গুটিয়ে গেছে স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশের ওপেনার দিলারা আক্তার ৯ রানে ফিরলে উদ্বোধনী জুটি ভাঙে। আরেক ওপেনার সাথি রানি দুই চারে ৪০ বলে ৫০ রান করে রিটায়ার্ড আউট হন। তিনে নামা সোবহানা মোস্তারিও ৩৯ বলে ৩৯ রান করার পর রিটায়ার্ড আউট হন। পরবর্তী ব্যাটারদের সুযগো করে দিতেই এমনটি করেন তারা।
জাতীয় দলের অধিনায়ক জ্যোতি ৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। এছাড়া তাজ নাহার ৭ রান করেন। রিতু মনি শূন্য রানে ফেরেন। অতিরিক্ত থেকে আসে ১৯ রান।
ব্যাটিংয়ে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। কৌশিনি ফেরেন ১১ রান করে। আরেক ওপেনার পূর্ণা ইনিংস সর্বোচ্চ ১৮ রান করেন। দলীয় ৩২ রানে পূর্ণা ফেরার পর লঙ্কান বাকি ব্যাটাররা এক অঙ্কের ঘরে রান করেন। এই সিরিজে বাংলাদেশ এ দলের অধিনায়ক এবং স্পিনার রাবেয়া খান মাত্র ৪ রান দিয়ে নেন ৪ উইকেট। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ২টি করে উইকেট নেন।