এখন শহর থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে রিলস সংস্কৃতি। সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হওয়ার জন্য গ্রামের যুবকরাও রিলস এবং ভিডিও তৈরির ট্রেন্ড থেকে মুক্ত নয়। এই তরুণরা কয়েকটি লাইক এবং শেয়ারের জন্য যেকোনো কিছু করতে পারে। ভিডিও ও রিলস তৈরির নেশায় প্রাণ হারিয়েছেন অনেকেই।
উত্তরপ্রদেশে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে এক যুবককে দাঁড়িয়ে থাকা ট্রেনের সামনে অদ্ভুত স্টান্ট করতে দেখা গেছে। রেললাইনে বাইক নিয়ে ট্রেনের ইঞ্জিন টেনে তোলার চেষ্টার অভিযোগে ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দেওবন্দের মাঝোলা গ্রামের বাসিন্দা বিপিন কুমার নামে ওই যুবকের এই বিপজ্জনক স্ট্যান্ট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের ইঞ্জিনের সঙ্গে বাইকটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন ওই যুবক। তারপরে তিনি রেললাইনে তার বাইক ব্যবহার করে ট্রেনটি টেনে তোলার চেষ্টা করেন।
সোশ্যাল মিডিয়ায় লাইক ও সাবস্ক্রাইবের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রেজিস্ট্রেশন নম্বর ছাড়াই বাইকে বসে স্ট্যান্ট করতে দেখা যায় ওই যুবককে। দেওবন্দ-রুরকি রেললাইনে ঘটনাটি ঘটেছে বলে মুজফফরনগর জিআরপি থানায় অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।