মিয়ানমারে বন্যা পরিস্থিতির অবনতি

ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মিয়ানমারে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী টাইফুন ইয়াগির প্রভাবে দেশটিতে টানা কয়েকদিনের ভারী বর্ষণে এই বন্যা দেখা দিয়েছে। পানি বাড়তে থাকায় এরই মধ্যে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্লাবিত অঞ্চলগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত বৃহস্পতিবার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মিয়ানমারের ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট জানিয়েছে, রাজধানী নেপিদোর আশপাশের প্রায় ১৬২ বর্গকিলোমিটার এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া মান্দালয় শহরের ৩৬৬ বর্গকিলোমিটার এলাকাও প্লাবিত হয়েছে। মিয়ানমারের দমকল বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নেপিদো অঞ্চলের ৩০টি এলাকা থেকে নৌকায় করে ছাদে আটকে থাকা নারী ও শিশুসহ বাসিন্দাদের উদ্ধার করেছে উদ্ধারকর্মীরা।

গত সপ্তাহে চীন ও ভিয়েতনামে আঘাত হানে টাইফুন ইয়াগি। এটিকে গত ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন হিসেবে বিবেচনা করা হচ্ছে। টাইফুন ইয়াগির আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভিয়েতনাম। এর প্রভাবে বন্যা দেখা দিয়েছে থাইল্যান্ডেও।