বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রিয়াদ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার কৈচর মাদ্রাসা মাঠে এ ঘটনা ঘটে। নিহত মো. রিয়াদ ওই এলাকার মৃত তারার ছেলে এবং সে শহরের একটি ছাপাখানায় কাজ করতো। রাত সাড়ে ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইহান ওলিউল্লাহ।
থানা পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কয়েকজন কিশোর দেখতে পায় রিয়াদ রক্তাক্ত অবস্থায় কৈচর খেলার মাঠে পড়ে আছে। তখন তারা দ্রুত রিয়াদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। রিয়াদের উরুর উপরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ জানান, বিকালে কৈচর মাদ্রাসা মাঠে দুই গ্রুপের ফুটবল খেলা চলছিল। খেলার এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়৷ সেই সময় রিয়াদকে ছুরিকাঘাত করা হয়৷ পরে রাত ৯টার দিকে শজিমেক হাসপাতালে রিয়াদের মৃত্যু হয়৷ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।