গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন। দলটির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, এদিন বিকাল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হয়ে যান নেতৃবৃন্দ। যাবার পথে ঘোনাপাড়া মোড়ে আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেড়াকে কেন্দ্র করে স্থানীয় জনগনের সাথে বিবাদে জড়ায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।