বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হচ্ছে ১১ অক্টোবর। চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হবে এবারের মৌসুম। সেই সঙ্গে ১৫ অক্টোবর থেকে ফেডারেশন কাপ এবং ১৮ অক্টোবর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভা শেষে এ তথ্য জানান চেয়ারম্যান ইমরুল হাসান। এর আগে ৪ অক্টোবর হওয়ার কথা ছিল চ্যালেঞজ্ কাপটি।
ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনা, রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম ময়মনসিংহ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম কুমিল্লা। এই মুহূর্তে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আর্মি ক্যাম্প রয়েছে। সেটি সরে গেলে এই স্টেডিয়ামটিও ভেন্যু তালিকায় যোগ হবে।
ইমরুল আরও জানান পাশাপাশি দুটি ভেন্যুর নাম প্রস্তাব হিসেবে এসেছে- শহীদ বরকত স্টেডিয়াম গাজীপুর ও শহীদ মিরাজ-তপন স্টেডিয়াম মানিকগঞ্জ। বাফুফে প্রতিনিধিরা এ দুটো স্টেডিয়াম পরিদর্শন করেছেন। তালিকায় যোগ হতে পারে এর থেকে কোনোটি। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাবগুলো যদি নতুন কোনো ভেন্যুর নাম প্রস্তাব করে সেগুলোও যোগ হওয়ার সম্ভাবনার কথা বলেছেন ইমরুল।
দেশের কিংবদন্তি ফুটবলারদের নামে চ্যালেঞ্জ কাপ করার পরিকল্পনা ছিল লিগ কমিটির। তবে এ বছর জুলাই শহীদদের স্মরণে তাদের নামে আয়োজন করা হবে চ্যালেঞ্জ কাপের। গত মৌসুমের লিগ চ্যাম্পিয়ন ক্লাব ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ক্লাবের মধ্যে বসুন্ধরা কিংস অ্যারেনায় আয়োজিত হবে এক ম্যাচের এ আয়োজন। এবারের মৌসুমে গতবারের চেয়ে অতিরিক্ত ১৩৭ জন স্থানীয় ফুটবলার নিবন্ধিত হয়েছে বলেও জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান।