বাংলাদেশের জার্সিতে আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। বয়সভিত্তিক দলের গ-ি পেরিয়ে জাতীয় দলের হয়ে বড় মঞ্চে নিজেকে প্রমাণের অপেক্ষায় এই উদীয়মান ফুটবলার।
শুরুতে সাফে রোনানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত তা কেটে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নিশ্চিত করেছে, আসন্ন প্রতিযোগিতার স্কোয়াডে থাকছেন এই তরুণ ফরোয়ার্ড। বুধবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংস্থাটির সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়সূচি। আমরা তাঁকে স্কোয়াডে রাখব।’
গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে গুরুত্বপূর্ণ অবদান ছিল রোনানের। পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে তাঁর ফ্রি-কিক ও হেড থেকে করা দুটি গোল বিশেষভাবে নজর কাড়ে। ভারতের বিপক্ষে রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে বাংলাদেশের ৪-৩ ব্যবধানের জয়ের পথেও অবদান রাখেন তিনি।
বয়সভিত্তিক ফুটবলে এমন পারফরম্যান্সের পর এবার জাতীয় দলের হয়ে নিজের সামর্থ্য দেখানোর সুযোগ পাচ্ছেন রোনান। তবে আন্তর্জাতিক পর্যায়ে সিনিয়র দলের প্রতিদ্বন্দ্বিতা হবে আরও কঠিন। ফলে তাঁর জন্য এটি যেমন বড় সুযোগ, তেমনি নিজেকে প্রমাণের চ্যালেঞ্জও।
যুক্তরাষ্ট্রের বাংলাদেশী বংশোদ্ভুত চার সুলিভান ভাইয়ের মধ্যে রোনান দ্বিতীয়, ডেকলান সুলিভানের যমজ। তাদের বড় ও ছোটো ভাই কুইন ও কাভান সুলিভান একসাথে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে খেলে। কাভান কদিন আগে যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল বাদ পড়ায় এবার ছয়টি দল প্রতিযোগিতায় অংশ নেবে। স্বাগতিক বাংলাদেশ রয়েছে এ- গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে বি- গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্বের লড়াই শেষে ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের।
বেঞ্চে ‘ঈশ্বরের সঙ্গে কথা বলে’ মাঠে ইতিহাস গড়লেন এনদ্রিক