আজ ভারত সফরে যাচ্ছেন ক্রিকেটাররা

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারত সফর নিয়ে আশার পারদ চড়তে শুরু করেছে। ছন্দে থাকা বাংলাদেশ দল এবার শক্তিশালী ভারতের বিপক্ষেও ইতিবাচক ফল এনে দেবে, এমনটাই আশা সবার। তবে প্রত্যাশার বোঝা দলের ওপর চাপিয়ে দিতে চান না বিসিবি সভাপতি। বরং দলের কাছে ভালো খেলার ধারাবাহিকতা দেখতে চান তিনি।

দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আজ দুপুরে ভারতের উদ্দেশে রওনা হবে নাজমুল হোসেন শান্তর দল। ভারত যাওয়ার আগের দিন রাখা হয়নি টেস্ট দলের অনুশীলন। এদিন বিকেলে রাজধানীর একটি হোটেলে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার হাত থেকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার বোনাস ৩ কোটি ২০ লাখ টাকার চেক বুঝে নেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিকেটাররা তাদের বোনাসের কিছু অংশ বন্যার্তদের সহায়তায় দেওয়ার ঘোষণা দেন।

এ সময় বিসিবি সভাপতি ভারত সফরে ক্রিকেটারদের কাছে ভালো খেলা দেখার প্রত্যাশা জানান ‘আমরা খুব ভালো করে জানি, আমাদের দলের শক্তিমত্তা কী, আমরা যে নিয়মিত উন্নতি করছি। বোর্ড প্রেসিডেন্ট ও সাবেক খেলোয়াড় হিসেবে একটা কথা বলতে পারি, দুই-একটা জয়ের চেয়ে যদি পারফরম্যান্সটা একটা মানে নিয়ে যেতে পারি, যেখান থেকে দলটা নিয়মিতভাবে জিতবে এবং একটা শক্তিতে দাঁড়াবে। যেমন ওয়ানডেতে এখন মানুষ মনে করে, বাংলাদেশ একটা শক্তিশালী দল। যদিও গত ওয়ানডে বিশ্বকাপে আমরা আশানুরূপ খেলতে পারিনি।’

ভারত সফরে স্পিনারদের পাশাপাশি পেসারদের নিয়েও আশাবাদী বোর্ড প্রধান।