একই দলে দেখা যেতে পারে সাকিব-কোহলি-বাবরকে

একটা সময় ছিল, প্রায়ই প্রদর্শনী ম্যাচে মহাদেশীয় দলগুলোর লড়াই দেখা যেত বাইশ গজে। সর্বশেষ ২০০৭ সালে আফ্রিকা ও এশিয়া একাদশের ম্যাচ দেখেছিল ক্রিকেটবিশ্ব। এত বছর পর আরও একবার এমন ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। এমনটা হলে, একই দলে খেলতে দেখা যেতে পারে সাকিব আল হাসান, বিরাট কোহলি আর বাবর আজমকে!

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, আগামী অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে, এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান হতে পারেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান সভাপতি মহসিন নাকভি। তাই মহাদেশীয় টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা জোরালো হচ্ছে।

১৭-১৮ বছর আগে আফ্রো-এশিয়া কাপ আয়োজনে বড় ভূমিকা রেখেছিলেন আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা ও বতসোয়ানা ক্রিকেটের প্রধান সুমোদ দামোদার। তিনি ক্রিকবাজকে বলেছেন, ‘আমরা আফ্রো-এশিয়া কাপ পুনরুজ্জীবনের চেষ্টা করছি। জয় পাশে আছেন, মাহিন্দা ভিল্লাপুরাম (মালয়েশিয়া ক্রিকেটের প্রধান ও আইসিসি পরিচালক) অংশ নিয়েছেন এই আলোচনায়।’

এমন আয়োজন প্রথম হয়েছিল ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ন ও ডারবানে। পরে ভারতের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। প্রাথমিকভাবে এর তিনটি আসর আয়োজনের পরিকল্পনা করা হয়, কিন্তু সম্প্রচারজনিত জটিলতার কারণে পরে আর মহাদেশীয় এই প্রতিযোগিতা মাঠে গড়ায়নি। সর্বশেষ বছর দুয়েক আগেই জয় শাহ দ্বি-বার্ষিক আফ্রো-এশিয়া কাপ ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন বলে শোনা যায়।