জিমেইলের অপ্রয়োজনীয় মেইল মুছবেন

প্রতিদিন অসংখ্য জিমেইল আসে আপনার মেইলবক্সে। তার মধ্যে অকাজের মেইলও থাকে অজস্র। আর এসব অতিরিক্ত মেইলের কারণে ইনবক্স খুলছে না বা জরুরি মেইল ঢুকছে না, এমন সমস্যায় যদি ভোগেন, তা হলে তা সমাধানের সহজ উপায় আছে। জিমেইলে একসঙ্গে ১০০টি মেইল নির্বাচিত করে তা মোছার উপায় আছে। সেই পদ্ধতি জেনে নিলেই এক একবারে এক একটি পেজের অদরকারি সব মেইল একসঙ্গে বাছাই করে মুছে দিতে পারবেন।

কীভাবে করবেন

 প্রথমে জরুরি মেইলগুলো বেছে সেগুলো আলাদা ফোল্ডারে রাখুন অথবা ‘মার্ক’ করে রাখুন। কারণ একসঙ্গে সব মেইল নির্বাচনের সময়ে তার মধ্যে জরুরি মেইলও ঢুকে যেতে পারে।

এবার ইনবক্সে বাঁ দিকের ওপরে ‘সিলেক্ট’ বক্সে ক্লিক করলেই অনেক অপশন খুলে যাবে। যদি একসঙ্গে সব মুছে দিতে চান তা হলে একবারে নির্বাচন করে ডিলিট করে দিলেই হবে। না হলে মার্ক করা মেইলগুলো বাদ দিয়েও সিলেক্ট করা যাবে সবটা। একবারে ৫০-১০০টি মেইল ডিলিট হয়ে যাবে।

আরও একটি পদ্ধতি হলো ইনবক্সের ‘সার্চ’ অপশনে গিয়ে ‘ইস : রিড’ কমান্ড লিখুন। তারপর কিবোর্ডের ‘এন্টার’ বোতাম টিপলেই জিমেইল সেসব মেলের তালিকা দেখাবে, যা আপনি পড়ে ফেলেছেন। এবার চেক বক্সে গিয়ে সেসব মেইল একসঙ্গে নির্বাচন করে মুছে দিতে পারেন।

তারিখ অনুযায়ীও মেইল নির্বাচন করতে পারেন। তার জন্য ইনবক্সের ওপরে সার্চ বক্সে ক্লিক করলেই ‘ফর্ম’ বলে একটি পেজ খুলবে। সেখানে কোনো নির্দিষ্ট মেইল নাম অথবা কোন তারিখ থেকে কোন তারিখ অবধি মেইল চাইছেন তা নির্বাচন করতে পারবেন। চেক বক্সে সব মেইল নির্বাচন করে একসঙ্গে মুছে দেওয়া যাবে।

ভুলবশত কোনো জরুরি মেইল ডিলিট হয়ে গেলে চিন্তা নেই।  মেইল ডিলিট হলে সেটি ‘ট্র্যাশ’ ফোল্ডারে ৩০ দিন অবধি থাকে। যদি না ট্র্যাশ ফোল্ডার থেকে সব মেইল ডিলিট করে থাকেন। ভুলবশত মুছে ফেলার মেইল ফিরে পাওয়ার জন্য ‘মোর’ আইকনে ক্লিক করুন। সেখান থেকে ‘ট্র্যাশ’ আইকনে যান। এবার যেগুলো ফিরে পেতে চান সেগুলোর পাশে চেকবক্সে গিয়ে ক্লিক করে নির্বাচন করুন। তারপর ‘মুভ টু’ আইকনে ক্লিক করে বেছে নিন সেগুলো কোন ফোল্ডারে যাবে।